রাজধানীসহ সারা দেশ বিদ্যুতবিহীন। বিদ্যুত না থাকার কারণে হাসপাতালে সেবা কার্যক্রম ভেঙ্গে পড়েছে। রোগীরা পড়েছেন মহা বিপাকে। দূর থেকে রাজধানীতে আসা রোগীরা পড়েছেন দূর্ভোগে। বিভিন্ন রোগের মেডিকেল টেস্ট ও সেবা না নিয়ে ফিরে যাচ্ছেন স্বজনরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকেই বিদ্যুৎ নেই। এক ঘন্টার জন্য মাঝে একবার বিদ্যুৎ আসলেও আবার বিভ্রাট দেখা দেয়। এরপর আর বিদ্যুতের দেখা মেলেনি।
হাসপাতালের আইসিইউ, জরুরী বিভাগ, অপারেশন থিয়েটারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে নিজস্ব জেনারেটর দিয়ে কার্যক্রম চললেও বর্হিবিভাগ ও অন্যান্য ওয়ার্ড ও বিভাগে বিদ্যুৎ সরবরাহ নেই।
হাসপাতালে বর্হিবিভাগে লালমনিরহাট থেকে আসা নূরেন্নাহার নামে এক রোগী জানান, তিনি এসেছিলেন গাইনি চিকিৎসা নিতে। কিন্তু বিদ্যুৎ না থাকায় তিনি কোন পরীক্ষা নিরাক্ষা করাতে পারেননি। আর সে কারণে ডাক্তারও কোনো পরামর্শ দিতে পারেন নি।
আব্দুর রহিম নামে এক রোগীর স্বজন বলেন, তার রোগীর খুব গরম লাগছে। তাকে হাত পাখা দিয়ে বাতাস করতে হচ্ছে। এভাবে আর কতক্ষন হাতপাখা দিয়ে বাতাস করবেন বুঝতে পারছেন না। তিনি বলেন, এত বড় হাসপাতালে যদি বৈদ্যুতিক ব্যবস্থা ভেঙ্গে পড়ে তাহলে চিকিৎসা সেবা গ্রহণ তো সত্যি কষ্টকর।
এদিকে রাজধানীর অন্য হাসপাতালগুলোতেও একই দশা। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা হয়। তারা বলছেন, বিদ্যুৎ না থাকায় রোগীদের সেবা দিতে তাদেরও বেগ পেতে হচ্ছে। তারপরও তারা আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক মুশফিকুর রহমান বলেন, বেলা ১২ টা থেকে বিদ্যুৎ না থাকায় সেবা কার্যক্রমে বেশ ব্যাহত হচ্ছে। অপারেশন থিয়েটার, আইসিইউ ও জরুরী বিভাগসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে তারা নিজস্ব জেনারেটর ও আইপিএস এর মাধ্যমে সচল রেখেছেন।
তারপরও তারা রোগীদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন। বিদ্যুতের বিষয়টি তারা সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছেন বলেও জানান তিনি।
জেইউ, কেবি





