সৈয়দ শামসুল হক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন।
আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে সৈয়দ হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে বেলা ১টা পর্যন্ত তাঁকে রাখা হবে।
শ্রদ্ধা নিবেদনের পর সৈয়দ হককে নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে। জানাজার পর তাঁকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে জন্মস্থান কুড়িগ্রামে। সেখানে সরকারি কলেজ মাঠের পাশে কবির নির্ধারণ করে দেওয়া স্থানেই তাঁকে দাফন করা হবে।
সকাল সোয়া ১০টার দিকে তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে সৈয়দ হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় চ্যানেল আই পরিবারের সদস্যসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের অনেক মানুষ অংশ নেন।
চ্যানেল আই প্রাঙ্গণ থেকে সৈয়দ হকের মরদেহ নেওয়া হয় বাংলা একাডেমিতে। সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন সৈয়দ শামসুল হক। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।
এম এ





