পটুয়াখালীতে কলাপাড়া-কুয়াকাটা সড়কের মাস্টারবাড়ি নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় তিন জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

এরা হচ্ছেন মোটর সাইকেল আরোহী হুমায়ুন কবির (২৫), শাকিল (১৬) ও চালক সানি (১৬)।

বৃহস্পতিবার বেলা দুইটা ১০ মিনিটে নিউ সুগন্ধা পরিবহন নামক বাসের চাপায় এ মারাত্মক দুর্ঘটনাটি ঘটে।

বাসটি (বরিশাল-ব-১১-০০৮২) বরিশাল থেকে কলাপাড়া হয়ে কুয়াকাটা যাচ্ছিল। এসময় সংযোগ সড়ক থেকে আসা আরোহীসহ মোটর সাইকেলটি চাপা পড়ে।

একজন ঘটনাস্থলেই মারা যায়। বাকি দুইজনকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পরে মারা গেছে।

সূত্রে জানা গেছে, সানি এবছর এসএসসি পাশ করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের উদ্যোগ নিয়েছে। বাসটি ঘটনাস্থলে পড়ে আছে। চালক-হেল্পার পলাতক রয়েছে।

নিহত তিনজনের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এমআইএস