পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মুন্সীগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
পদ্মায় পানি আরও বৃদ্ধি পেয়ে সোমবার ভাগ্যকুল পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিন্মাঞ্চলের আরও নতুন কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে পানিবন্দি রয়েছে ৩০টি গ্রামের প্রায় চল্লিশ হাজার মানুষ। পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ও সবজির ক্ষেত। কয়েকটি এলাকায় রাস্তায় পানি উঠতে শুরু করেছে।
এদিকে দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট। বৃদ্ধ ও শিশুদের মাঝে পানিবাহিত রোগ দেখা দিয়েছে।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন সার্বিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ইতোমধ্যেই দুর্গত এলাকায় চাল ও টাকা সহায়তা দেওয়া হয়েছে।
ঢাকা, ১ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





