মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১৮ কেজি ওজনের একটি মাদি মায়া হরিণকে গিলে খেয়েছে বিশাল আকৃতির এক অজগর।

বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়া বনের কালাছড়ার চাউতলী বন বিটের ২ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। অজগরের হরিণ গিলে খাওয়ার এ দৃশ্য দেখতে সেসময় আশপাশের লোকালয় থেকে অনেকে ভিড় জমায়।

ঘটনাস্থল পরিদর্শন করা মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক (ওয়াইল্ড লাইফ) মো. তবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটির আহার শেষ না হওয়া পর্যন্ত ছিলাম। ঘটনাটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। প্রায়ই অজগর খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে যেত। সে ঘটনা কমায় বলা যায় প্রাণিকূলের যে ইকো ব্যালেন্স তা ফিরছে। প্রায় তিন ঘণ্টায় ১৫ থেকে ২০ ফুট দৈর্ঘ্যের অজগরটি ১৬ থেকে ১৮ কেজি ওজনের একটি মাদি হরিণকে গিলে ফেলে।

এমই