বিশ্বদরবারে মাথা উঁচু করে বেঁচে থাকার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো কাছে হাত পেতে নয়, একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে চলতে চাই আমরা।
রোববার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৫৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
নবীন সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের মালিক জনগণ, তাই প্রশাসনিক কর্মকর্তাদের জনগণের সেবক হয়েই কাজ করতে হবে।
তিনি বলেন, মনে রাখতে হবে আপনাদের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা এদেশের মানুষের রক্ত পানি করা, ঘামে ভেজা পয়সা থেকে দেওয়া হয়। আপনাদেরও তাদের জন্য কাজ করতে হবে।
কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে শেখ হাসিনা আরও বলেন, দক্ষতা অর্জনের পাশাপাশি নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে। নিজেদের সেভাবে তৈরি করতে হবে।
প্রত্যেককে দায়িত্ব নিয়ে দেশের সেবা করার আহবান জানিয়ে তিনি বলেন, আজ প্রজাতন্ত্রের কর্মচারীরা ভালো কাজ করলে তার সুফল ভোগ করবে আগামী প্রজন্ম। আপনাদের ওপর নির্ভর করছে আগামীতে কেমন হবে এ দেশে। কেমন ভবিষ্যৎ হবে আগামী প্রজন্মের।
দেশের জন্য একটি দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সরকার সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব সিভিল সার্ভিস অ্যাক্ট পাশ করা হবে।
এসময় তিনি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মান বৃদ্ধি করতে কোর্সের মেয়াদ ৪ থেকে ৬ মাস করার কথা বলেন।
বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের রেকটর খন্দকার মো. ইফতেখার হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমতারা সাদেক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





