ঢাকার আশুলিয়া থেকে অপহৃত আপন ২ ভাই-বোনকে কক্সবাজারের কলাতলী বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী দলের মূল হোতা মো. আবু সামাকে আটক করা হয়।

উদ্ধারকৃত দুই শিশু হচ্ছে-আশরাফুল আলম মুন্না (৮) ও তার ছোট বোন জান্নাতুল ফেরদৌস সুমাইয়া (৪)।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, ঢাকার আশুলিয়া এলাকার ফিরোজ আহমেদের ছেলে মো. আশরাফুল আলম মুন্না এবং তার ছোট বোন জান্নাতুল ফেরদৌস সুমাইয়াকে শপিং-এর নাম করে তার চাচা মো. আবু সামা বাসা থেকে নিয়ে যায়।

পরবর্তীতে আবু সামা মোবাইল ফোনে অপহৃতদের বাবা ও তার বড় ভাই ফিরোজকে ফোন করে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় তার সন্তানকে মেরে ফেলার হুমকি দেয়। ফিরোজ আহমেদ বিষয়টি র্যাবকে অবহিত করলে র‍্যাবের একটি দল অপহৃত শিশুদের উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে বৃহস্পতিবার রাত ৯টায় র্যাব সদস্যরা কক্সবাজারের কলাতলী বাসস্ট্যান্ড থেকে অপহৃত শিশুদের উদ্ধার করে।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ