ব্রাজিল-আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে নেত্রকোণায় আজ রোববার দুপুরে মদন উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
পুলিশ ও এলাকাবাসী সাংবাদিকদের জানান, চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ব্রাজিল-আর্জেন্টিনার প্রীতি ফুটবল ম্যাচ দেখার জন্য উভয় দলের সমর্থকরা শনিবার সন্ধ্যায় সিংহের বাজারে আজিজুল ইসলামের চায়ের দোকানে বসে। ব্রাজিল একটি গোল দেওয়ার পর নায়েকপুর গ্রামের সাইফুল ইসলাম (১৮) ও মাখনা গ্রামের আবু হুরায়রার (১৫) মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় দু’দলের সমর্থকদের হাতাহাতিতে আরো ৪/৫ জন সামান্য আহত হয়। এরই জের ধরে রবিবার বেলা ৩টার দিকে নায়েকপুর ও মাখনা গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারামারিতে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ১২ রাউন্ড শটগানের গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে অর্ধশত আহত হয়েছে।
গুরতর আহত দিদার খানকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত যাদের নাম জানা গেছে তারা হলেন, সাইফুল ইসলাম (১৮), বিল্লাল (১৮), আব্দুল হামিদ (৫০), রফিক (৪০), নূরজাহান (৩৫). রেনু মেম্বার (৩৫), পিয়াস (১৯), ছোটন (২০), রিটন (৪৫), সাজ্জাত (২৪), মোহন (৩৫), সেলিম (২৪), আবু হুরায়রা (১৫), আবু সাদেক (৪০), রহমত আলি (২৯), আশিকুল (৩২), তাইজুল খান (৩৫), হাবু কা (৪৫), স্বপন (৪০), সাইফুল খাসহ (২৪) অন্যদেরকে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মফিজুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ১২ রাউন্ড ফাঁকাগুলি ছুঁড়তে হয়েছে। পরিস্থিতি এখন থমথমে। তবে কোনও পক্ষ এখনো মামলা দায়ের করেনি।
একে





