রাজধানীর শনির আখড়ার জিয়া সরণিতে ট্রাকচাপায় দুই জন নিহত হয়েছেন। বুধবার (২৬ ডিসেম্বর) ভোর পৌনে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাকচাপায় ঘটনাস্থলেই হারুন-উর রশীদ (৫৫) নামে একজন নিহত হন। দুর্ঘটনায় আহত ট্রাক হেল্পার আবুল বাশারকে (৩০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ট্রাক চালক হাবিব জানান, ভোরে জিয়া সরণি এলাকায় ইট বোঝাই ট্রাক নিয়ে যান। পরে ট্রাকচাপায় নিহত হারুন-ইর রশীদের বাড়ির সামনে তারা ইট নামিয়ে টাকা বুঝে নিচ্ছিলেন। এ সময় অপর একটি ট্রাক বেপরোয়াভাবে এসে তার ট্রাকের হেল্পার আবুল বাশার ও বাড়ির মালিক হারুন-উর রশীদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হারুন-উর রশীদ নিহত হন। আর আবুল বাশারকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনা ঘটানো ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছেন।

জেড