পাবনায় ছেলেধরা সন্দেহে এক নারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
সোমবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে এই ঘটনা ঘটে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে ওই নারীকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছে পুলিশ।
সলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে মানিকনগর গ্রামের এক ব্যক্তির বাড়ির সামনে ওই নারীকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এতে ওই বাড়ির সদস্যরা ভয়ে চিৎকার দেয়।
আশপাশের লোকজন জড়ো হয়ে তাঁকে ছেলেধরা সন্দেহে পিটুনি দিয়ে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে থানায় নেয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, লোকজন জড়ো হয়ে ওই নারীকে হালকা পিটুনি দিয়েছে। আটক ওই নারীর কথাবার্তা ও আচরণে প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে।
পুলিশ এই বিষয়ে আরও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে জানায় ওসি।
এমবি





