হবিগঞ্জের বাহুবলে সুন্দ্রাটিকি গ্রামের বহুল আলোচিত ৪ শিশু হত্যা মামলার সাক্ষীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার অভিযোগে মামলার প্রধান আসামি আব্দুল আলী বাগালের পুত্র ফেরদৌস মিয়া ও তার আত্মীয় মামুন মিয়াকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ অক্টোবর)রাতে উপজেলার রশিদপুর বাজার থেকে তাদের আটক করা হয়। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন জানান, সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু হত্যা মামলার সাক্ষী আজাদ মিয়া ও মাসুক মিয়া মঙ্গলবার (২৫ অক্টোবর) সাক্ষী দিতে আদালতে যান।
অনিবার্য কারণে তাদের সাক্ষ্যগ্রহণ করা হয়নি। সন্ধ্যায় তারা স্থানীয় রশিদপুর বাজারে গেলে তাদের ওপর হামলা করে ৪ শিশু হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আলী বাগালের পুত্র ফেরদৌস মিয়া (২৮) ও হামদু মিয়ার পুত্র মামুন মিয়া (২৬)।
খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ রশিদপুর বাজারে অভিযান চালিয়ে ফেরদৌস ও মামুন মিয়াকে আটক করে।
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বিকেলে ওই গ্রামের শিশু শুভ, তাজেল, মনির ও ইসমাঈল খেলার মাঠ থেকে ফেরার পথে অপহৃত হয়। ১৭ ফেব্রুয়ারি ওই ৪ শিশুর লাশ সুন্দ্রাটিকি গ্রামের নিকটবর্তী ইছাবিল থেকে উদ্ধার হয়। ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
আলোচিত এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় প্রধান আসামি আব্দুল আলী বাগাল, তার পুত্র রুবেল ও জুয়েল এবং ছায়েদ ও আরজু জেলহাজতে রয়েছে। শিশুদের অপহরণের সাথে জড়িত সিএনজি চালক বাচ্চু মিয়া ঘটনার পরপর র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
মামলার চার্জশিটভূক্ত আসামি আব্দুল আলী বাগালের পুত্র বিলাল ও ‘বন্দুকযুদ্ধে’ নিহত বাচ্চু মিয়ার ভাই উস্তার মিয়া ও বাবুল মিয়া পলাতক রয়েছেন। ইতোমধ্যে আদালতের নির্দেশে পলাতক আসামিদের মালামাল ক্রোক করা হয়েছে। বর্তমানে আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।
এমএনজে





