কুমিল্লার হোমনা উপজেলায় দশ বছরের মেয়ে আয়েশাকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন মা রোকেয়া বেগম (২৯)। হোমনা থানার সেকেন্ড অফিসার কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মা ও মেয়ের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহত রোকেয়ার বেগমের স্বামী গাজী খোকন মিয়া প্রবাসী। নিহত রোকেয়া একই উপজেলার দৌলতপুর গ্রামের আজম আলীর মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে রোকেয়া মেয়ে আয়শাকে অজান্তে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ভাত খাওয়ান। তারপর রোকেয়া নিজ হাতে বিষপান করেন। মা রোকেয়া বেগম অসুস্থ হয়ে পড়লে মেয়ে পাশের ঘরের প্রতিবেশীকে মায়ের বিষয়টি জানায়। একটু পর আয়েশাও মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মা ও মেয়ে মৃত্যু হয়।

অফিসার কাজী নাজমুল হক জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে এবিষয়ে বিস্তারিত জানা যাবে।

এম এ