ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম সাদ্দাম হোসেন (২৮)।
বুধবার (০২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মামারিশপুর এলাকায় এই ঘটনা ঘটে।
সাদ্দাম হোসেন গফরগাঁও উপজেলার শিবগঞ্জ এলাকার ফজলুল হকের ছেলে।
ভালুকা মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মাজহারুল হক জানান, বুধবার রাত দেড়টার দিকে একদল ডাকাত ভালুকা উপজেলার মামারিশপুর এলাকায় ডাকাতির প্রস্ততি নিচ্ছে- এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশের একটি টহল দল। এসময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও গুলি ছোড়ে। এসময় সহযোগীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দাম নামে একজনকে আটক করে পুলিশ।
আহত সাদ্দামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাদ্দামের নামে ডাকাতিসহ ৪টি মামলা রয়েছে বলেও জানান ওসি।
এমবি





