কুড়িগ্রামের ৯ উপজেলার ৪৭১ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে।
ষষ্ঠীবোধনের মধ্য দিয়ে আগামীকাল মঙ্গলবার শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব। এ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ।
প্রতিমাগুলোকে রাঙিয়ে তুলতে রংতুলির শেষ আঁচড়ে ব্যস্ত প্রতিমাশিল্পীরা। মন্দির ও মণ্ডপগুলোকে আকর্ষণীয় করে সাজাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে আলোকসজ্জার কাজ।
উৎসব উপলক্ষে মণ্ডপচত্বরে বিভিন্ন পণ্য নিয়ে চলছে ব্যবসায়ীদের মেলার প্রস্তুতি। সর্বজনীন এ উৎসব উপলক্ষে সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন তৈরি হয়েছে শহর ও গ্রামাঞ্চলে।
শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনের তত্ত্বাবধানে ১০টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবি বোস জানান, জেলায় ৪৭১টি পূজামণ্ডপে দুর্গোৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসন ও জেলাবাসীর সহযোগিতায় আশা করছি এবারের দুর্গোৎসব সর্বজনীন রূপ নেবে।
জেআই,





