ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আলম মিয়া (৪০) নামে এক কৃষককে বল্লম দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার বুধন্তী ইউনিয়নের মাইজচর বিলে এ ঘটনা ঘটে। নিহত আলম একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মনসুর আলীর ছেলে।

তার প্রতিবেশী জীবন মিয়া জানান, কয়েকদিন অাগে মাইজচর বিলে আলম মিয়ার জমির পাকা ধান পাশের উপজেলা নাসিরনগরের হরিপুর গ্রামের জালাল উদ্দিনের গরু খাচ্ছিল।

ওই সময় আলম গরুটিকে লাঠি দিয়ে আঘাত করে তাড়িয়ে দেন। এ নিয়ে গরুর মালিকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। বুধবার দুপুরে আলম তার ধানি জমি দেখতে বিলে গেলে জালাল উদ্দিন লোকজন নিয়ে বল্লম ও রাম দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওএফ