ঢাকা মহানগর হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহের দুই মামলার পর এবার ব্রাহ্মণবাড়িয়াতেও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলা করা হয়েছে প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা বিশ্বাসের বিরুদ্ধে।

আজ রোববার (২১ জুলাই) সাড়ে ১১টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. আসাদ উল্লাহ্ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজহারে বলা হয়, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও ধর্মীয় শান্তি ও সম্প্রীতির রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত লাভ করেছে। উপমহাদেশের অন্যান্য রাষ্ট্রে মুসলমানরা যে সকল সুযোগ সুবিধা পাচ্ছে তার চেয়ে অনেক গুণ বেশি সুযোগ সুবিধা বাংলাদেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ও অন্য ধর্মের লোকজন ভোগ করছে।

এজহারে আরও বলা হয়, প্রিয়া সাহা একজন বাংলাদেশি নাগরিক হয়ে দেশের ভাবমূর্তির কথা চিন্তা না করে বাংলাদেশকে বিশ্বের কাছে হেয় করার জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে ৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান গুম হয়ে গেছে এবং মুসলিম মৌলবাদীরা ঘর-বাড়ি পুড়িয়ে দিয়েছে, জায়গা দখল করেছে বলে বিচার চান। এটি বাংলাদেশের রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ছাড়া কিছুই না। এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেও এজহারে উল্লেখ করা হয়।

মামলার বাদী মো. আসাদ উল্লাহ্ সাংবাদিকদের জানান, বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করার জন্য প্রিয়া সাহা মিথ্যাচার করেছেন। এটি আমাকে আহত করেছে। তাই আমি স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছি।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সারোয়া-ই আলম সাংবাদিকদের জানান, আদালত মামলাটি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

জেড