রেলের উন্নয়নে সরকার ৪৮টি প্রকল্প বাস্তবায়ন করছে। সরকারের বর্তমান মেয়াদে এসব প্রকল্প বাস্তবায়ন হওয়ার মধ্য দিয়ে রেলে যুগান্তকারী সাফল্য হবে বলে মনে করেন রেলমন্ত্রী মুজিবুল হক।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ভিআইপি সেমিনার হলে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন’ দিবস উপলক্ষে ‘স্বাধীনতার চেতনা ও গণতন্ত্র রক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রেলপথ একটি নিরাপদ, সাশ্রয়ী ও আরামের যোগাযোগ ব্যবস্থা। অন্যান্য বাহনের চেয়ে যাত্রীরা রেলে যাতায়াত করতে বেশি পছন্দ করেন। যাত্রীদের কথা চিন্তা করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা রেলে ৪৮টি প্রকল্প হাতে নিয়েছি।
তিনি বলেন, এসব প্রকল্পের মধ্যে রয়েছে নতুন রেললাইন নির্মাণ, পুরান রেললাইন সংস্কার, ইঞ্জিন ও বগি ক্রয়, রেলস্টেশনকে আধুনিকায়ন করা, রেলপথকে নতুন করে সাজানো ইত্যাদি।
বিএনপির সময়ে রেলপথের উন্নয়নে একটি টাকাও ব্যয় করা হয়নি অভিযোগ করে রেলমন্ত্রী বলেন, আমার নেত্রী যাত্রীদের প্রতি বেশি দরদ দেখান, যে কারণে কোটি কোটি টাকা ব্যয় করে রেলের দিকে নজর দিয়েছেন তিনি।
ঢাকা থেকে চট্টগ্রাম রেলপথের ডাবল লাইনের কাজ ইতোমধ্যে তিন ভাগের দুই ভাগ নির্মাণ হয়েছে জানিয়ে তিনি বলেন, লাকসাম থেকে আখাউড়া অংশ বাকি আছে, সে কাজটা শেষ হলে ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইনে ট্রেন চলবে।
রেলমন্ত্রী বলেন, ঈশ্বরদী থেকে পাবনা রেলপথ নির্মাণ করা হবে। যমুনার ওপর প্যারালাল বঙ্গবন্ধু রেলসেতু শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে। ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মার ওপর দিয়ে রেলসেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল হয়ে যশোর পর্যন্ত রেললাইনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ঢাকা থেকে জয়দেবপুর হয়ে ময়মনসিংহ পর্যন্ত রেললাইন ডাবল করা হবে।
এছাড়া রেলের ৪৬টি নতুন ইঞ্জিন ইতোমধ্যে আনা হয়েছে, আরো ৭০টি ইঞ্জিন কেনার জন্য কয়েকদিনের মধ্যে দরপত্র আহ্বান করা হবে বলে জানান তিনি।
রেলমন্ত্রী বলেন, রেলের জন্য ১২০টি কোচ আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশ রেলওয়েতে যোগ হবে। আরো ১৫০টি কোচ ইন্দোনেশিয়া থেকে আনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
বর্তমান সরকারের মেয়াদ আর তিন বছর ৭ মাস বাকি রয়েছে উল্লেখ করে, এ মেয়াদে রেলের সব প্রকল্প বাস্তবায়ন করা হবে আশা প্রকাশ করে তিনি বলেন, এর ফলে বাংলাদেশ রেলে যুগান্তকারী সাফল্য অর্জন হবে।
আওয়ামী স্বাধীনতা লীগের আয়োজনে সংগঠনের সভাপতি অধ্যক্ষ রফিক উল্লা ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, স্বাধীনতা লীগের সাধারণ সম্পাদক খন্দকার এমদাদুল হক সেলিমসহ আরো অনেকে।
কেএইচ





