রংপুরের মিঠাপুকুর উপজেলার জয়রামপুর আনোয়ার গ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইদ্রিস আলী (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি দা ও দুটি ছোড়া উদ্ধারের দাবি করেছে পুলিশ।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইদ্রিস আলীকে রবিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। পরে রাত সোয়া তিনটার দিকে তার দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধার করতে জয়রাম আনোয়ার এলাকার অভিযানে যায় পুলিশ।

এলাকার ঈদগাহ মাঠের পাশে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা ইদ্রিসের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে ইদ্রিস গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ইদ্রিসের বিরুদ্ধে মাদক পাচার, ছিনতাইসহ মোট ৯টি মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইদ্রিস মিঠাপুর উপজেলার মমিনপুর আবাসিক এলাকার সাখওয়াত হোসেনের ছেলে। ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।’

এমএনজে