গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সুন্দরগঞ্জের জাতীয় পার্টির (এরশাদ) সাবেক এমপি কর্নেল (অব.) কাদের খানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া জেলা শহরের কাদের খানের মালিকানাধীন গরীব শাহ ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, লিটন হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে কর্নেল কাদের খানকে আটক করা হয়েছে। তাকে সুন্দরগঞ্জ থানায় আনা হচ্ছে।

এর আগে, ১৭ ফেব্রুয়ারি ভোর থেকে বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতালের পূর্ব পাশে অবস্থিত কাদের খানের মালিকানাধীন ‘গরীব শাহ ক্লিনিক’ ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ৪ তলা ভবনের ক্লিনিকের ওপর তলায় পরিবার নিয়ে থাকেন কাদের খান।

গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, ওপরের নির্দেশে গাইবান্ধা ও বগুড়া পুলিশ কর্নেল কাদের খানের ক্লিনিকটি ৫ দিন নজরদারিতে রাখে। এরপর লিটন হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন এমপি লিটন। এরপর তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেলে করে পাঁচ দুর্বৃত্ত সরকার দলীয় সংসদস সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের নিজ বাড়িতে গিয়ে তাকে গুলি করে পালিয়ে যান।

এমবি