আগামী সপ্তাহ থেকে অনলাইন নিউজপোর্টালগুলোর নিবন্ধন দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (০১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, আমরা অনলাইন সংবাদমাধ্যমগুলোর নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করেছিলাম। আমাদের তথ্য মন্ত্রণালয়ে তিনহাজার ৫৯৭টি দরখাস্ত জমা পড়েছে। সেগুলো তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছিলাম, পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়সহ একটি সভা করেছিলাম।

যে কয়েক শ' অনলাইনের তদন্ত কাজ শেষ হয়েছে সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবারের মধ্যে তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা আগামী সপ্তাহ থেকে অনলাইনগুলোর নিবন্ধন দেয়া শুরু করব। এ প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লেগে যাবে। এখানে কয়েকটি সংস্থা তদন্তের জন্য কাজ করছে। তবে আমরা আজকালের মধ্যে যে কয়েকটি হাতে পাব সেগুলোকে পরীক্ষা-নিরীক্ষা করে নিবন্ধন দেয়া শুরু করব।’

প্রক্রিয়া শেষে অনিবন্ধিত থেকে যাওয়া পত্রিকাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যতে কেউ অনলাইন চালু করতে চাইলে তা একটি প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন নিয়েই করতে হবে।

এখন একটি দৈনিক পত্রিকা বের করতে যেমন নামের ছাড়পত্র ও অনুমতি নিতে হয়, আগামীতে অনলাইন পত্রিকা করতে চাইলে ঠিক একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে।’

মাত্র কয়েকজন মিলে একটি ঘরে বসে অনলাইন পত্রিকা চালানো আর যাবে না বলে মন্তব্য করেন মন্ত্রী। সূত্র : ইউএনবি

এএস