নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চলের ত্রাস বাসার মেম্বার বাহিনীর প্রধান সন্ত্রাসী বাসার পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে। 

শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বেগমগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী দুর্ধর্ষ ক্যাডার বাসার মেম্বারকে শুক্রবার রাতে চট্টগ্রামের সিতাকুন্ড উপজেলার জলিল স্টেশন থেকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে তাকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারের উপজেলার চন্দ্রগঞ্জ-ছয়ানী সড়কের জুগিখালী এলাকায় গেলে বাসার বাহিনীর সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বাসারের বিরুদ্ধে থানায় খুন, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ রয়েছে। তার মৃত্যুতে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ ছিল এলাকার মানুষ। আলাইয়ারপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা জানলেও বাসার মেম্বার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
তবে বাসার মেম্বারকে গ্রেফতার বা ক্রসফায়ারের বিষয়টি জানতে শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াস শরিফ ও বেগমগঞ্জ মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমানের মোবাইলে বার বার ফোন করলেও তারা ফোন ধরেননি।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ