নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের কচুয়াডাঙ্গা গ্রামে গৃহবধূ রুমি বেগমকে (২৩) নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশিরা। হামলায় রুমির স্বামী বাবুল শেখ (৩০) মারাত্মকভাবে আহত হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার (৩১ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত বাবুলকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা যায়, বসতবাড়ির জমি নিয়ে বাবুল শেখের সাথে প্রতিবেশি দুলু শেখের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় বাবুল শেখ আদালতে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশি দুলু শেখ। দুলু শেখ শুক্রবার ভোরে বাবুল শেখের বাড়িতে এক দল সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে বাবুল শেখকে এলোপাতাড়ি কুপাতে থাকে। বাবুলের স্ত্রী রুমি বাঁধা দিলে সন্ত্রাসীরা রুমিকে কুপিয়ে হত্যা করে। নড়াগাতি থানার ওসি মাহাবুবুর রহমান জানান, রুমির লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
হুমায়ুন/জেড





