পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সরকারি কাজে বাধা দান, ভাঙচুর ও ব্যালেট বাক্স ছিনতাই চেষ্টার ঘটনায় পঞ্চগড় সদর থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৯ মে) সকালে পঞ্চগড় সদর থানায় সদর উপজেলার সাতমেরা ইউনিয়ন পরিষদের ডুবানুচি দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আলম ও পতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনোয়ার হোসেন মামলা দু’টি দায়ের করেন।

পৃথক দু’টি মামলায় অজ্ঞাতনামা ৩২০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার পঞ্চম দফায় পঞ্চগড় সদর উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে ভোট গণনার সময় সাতমেরা ইউনিয়নের ডুবানুচি দাখিল মাদ্রাসা ও পতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা প্রিজাইডিং অফিসারদের মারধরসহ প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এবং কেন্দ্রের অফিস কক্ষ ভাঙচুর করে।

পরে খবর পেয়ে পুলিশসহ যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবরুদ্ধদের উদ্ধার করে। এ সময় দুর্বৃত্তদের হামলায় পঞ্চগড় সদর থানার ওসি মমিনুল ইসলাম, এসআই কাইয়ুম ও পুলিশের গাড়ি চালক জুয়েল আহত হয়। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে, সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের জোতদারপাড়া ভোটকেন্দ্রে ভোট গণনা শেষে বিজয়ী ইউপি সদস্য ও পরাজিত ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নাছির উদ্দিন (৫০) নামে এক কৃষক নিহত এবং ২৬ জন আহত হওয়ার ঘটনায় ওই রাতেই পঞ্চগড় থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং মরদেহটি ময়নাতদন্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহসে উল গণি জানান, দুইজন প্রিজাইডিং অফিসারের দায়ের করা মামলা নথিভুক্ত করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়া গড়িনাবাড়ি ইউনিয়নের হতাহতের ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

ওএফ