ভারতের সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইনে নয়, আভ্যন্তরিন গ্রিডে ত্রুটির কারণেই সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
বৃহস্পতিবার সচিবালয়ে তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন হাতে পাওয়ার পর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী একথা জানান।
তিনি বলেন, সিস্টেম ফিকোয়েন্সি গ্রিডের কারণে আভ্যন্তরীণ কোনো একটি জায়গায় এ বিপর্যয় ঘটেছে। টাইম ডিফারেন্সের কারণে হয়তো এ ঘটনা ঘটতে পারে। তবে কোথায় এ বিপর্যয় দেখা দেয় তা নির্দিষ্ট করে বলেননি প্রতিমন্ত্রী।
তিনি আরো বলেন, অনেকগুলো প্ল্যান্টের প্রতিবেদন পাওয়া এখনো বাকি আছে। তারপর সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আরো তথ্য পাওয়া যাবে।
তিনি আরো বলেন, এ ব্যাপারে এলডিসির বিস্তারিত তথ্য নিয়েছি। ট্রানজিট ফেইলরের ডাটা রেকর্ড সংগ্রহ করা হয়েছে। সকল কেন্দ্রের লগ সিড সংগ্রহ চলছে।
তিনি বলেন, তদন্ত একটি অব্যাহত প্রক্রিয়া। এটা চলবে। বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি। তবে এ ঘটনা আমাদের সাবধান করে দিয়েছে।
গত ১ নভেম্বর সারাদেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সারাদিন পর সন্ধ্যার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে থাকে।
জেএ





