পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে সিদ্দিকুর রহমান (২৫) নামে এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বেলা ১২টার দিকে পুলিশ অভিযুক্তকে উপজেলা নির্বাহী অফিসার (সহকারী কমিশনার ভূমি) কাজী সায়েমুজ্জামানের কাছে হাজির করলে তিনি এ আদেশ দেন।

সায়েমুজ্জামান বলেন, গত ছয় মাস ধরে সিদ্দিকুর রহমানের প্রেম নিবেদন আর জোরাজুরিতে মেয়েটি ও তার পরিবার অতিষ্ঠ হয়ে ওঠে। মেয়েটির কলেজে এবং প্রাইভেট পড়তে যাওয়া বন্ধ হয়ে যায়। স্থানীয় মেম্বার, চেয়ারম্যানের কাছে বিচার দিয়েও কোন লাভ হয়নি। তাদের কথা থোড়াই কেয়ার করেছে জেলখাটা এই বখাটে। তার কথা হলো- তার স্ত্রী ছেড়ে গেছে। এখন এই মেয়েকে লাগবে।

অবশেষে মেয়েটি কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করে। কলেজের গভর্নিং বডি বখাটেকে নিষেধ করে। এরপরও সে মেয়েটির পিছু ছাড়েনি। পরে কলেজের অধ্যক্ষ অভিযোগটি প্রশাসনের কাছে পাঠিয়ে দেন।

আজ সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মেয়েটির পথরোধ করা হলে মোবাইল কোর্টের নির্দেশে টেম্পুস্টান্ডেই তাকে আটক করা হয়। ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তার বিরুদ্ধে উপস্থিত সকলের সাক্ষী দেয়ার বিষয়টি নজিরবিহীন।

পরবর্তীতে সিদ্দিকুর রহমানকে দণ্ডবিধির ৫০৯ ধারায় দোষী সাব্যস্থ করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলেও জানান এই সহকারী কমিশনার (ভূমি)।

কেএইচ