বরিশালে খ্রিস্টান সম্প্রদায়ের পুরানো পুকুর ও জমি দখলকে সাম্প্রদায়িকতার ষড়যন্ত্র বলে মন্তব্য করছেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ও জাতীয় চার্চ পরিষদ আয়োজিত 'বরিশাল শহরে জোরপূর্বক চার্চের পুকুর ও জমি দখলের প্রতিবাদে' এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, 'আমি একজন গারো সম্প্রদায়ের মানুষ। আজকে রাষ্ট্রের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আমার দুঃখ হচ্ছে যে, আমাদের সম্প্রদায়ের মানুষেরা একের পর এক অত্যাচারের অভিযোগ করে যাচ্ছে। আসলে এসব হচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িকতা ছড়ানোর একটি ষড়যন্ত্র মাত্র।'
তিনি অভিযোগ করে বলেন, '২শ' বছরের একটি পুরানো পুকুর দখল করা হয়েছে এবং এর প্রতিবাদ জানাতে খ্রীষ্টান সম্প্রদায়ের নারীরা-পুরুষরা যখন একত্রিত হয়েছে তখন তাদেরকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে।'
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি প্রমোদ মানকিন বলেন, 'যেই আইনজীবীরা আইনের কাজ করবে, তারা আজকে ভূমি দস্যুতে পরিণত হয়েছে।'
তিনি আরো বলেন, 'আমি প্রধানমন্ত্রীর কাছে ঐতিহ্যবাহী এ পুকুরটি ও তার জমি দখলের বিষয়টি তুলে ধরবো। ওই সব আইনজীবীদের সনদ বাতিলের দাবি জানাব।'
বরিশাল শহরের চার্চ অব বাংলাদেশের অধীনে সেন্ট পিটার চার্চের পুকুর ও জমি দখল করে আইনজীবী ভবন নির্মাণের যে ষড়যন্ত্র চলছে, তার অংশ হিসেবেই প্রধান বিচারপতিকে দিয়ে ঐ ভবনের উদ্ভোধন করে নতুন সমালোচনার সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, মহাসচিব নির্মল রোজারিও, জাতীয় চার্চ পরিষদের সাধারণ সম্পাদক ডেভিড এ দাস, নরবার্ট নিপু অধিকারী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এমএ/জেডআই





