বর্তমানে কোনো খুনের ঘটনারই বিচার হচ্ছে না। আমরা সরকারের পক্ষে থেকে তেমন কোনো ব্যবস্থা নিতেও দেখছি না। শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপে বক্তারা এসব কথা বলেন।
সংলাপের এ পর্বে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দীন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফসান চৌধুরী এবং খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোকসানা খন্দকার।
সংলাপের এ পর্বে তৃতীয় প্রশ্ন ছিল মিরপুরের কালশীতে বিহারী ক্যাম্পে ১০ জনকে হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কি এক রকমের উদাসিনতা লক্ষ্য করা যাচ্ছে কিনা?
উত্তরে মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, এ সরকারের আমলে কোনো খুনের ঘটনারই বিচার হচ্ছে না। এখানে ১০ জন মানুষকে পুড়িয়ে মারা হলো এখনো কাউকে গ্রেফতার করতে দেখলাম না। আসলে এখন দেশে আইনের শাসন নেই।
আফসান চৌধুরী বলেন, “সরকার সকল গুম খুনের বিষয়েই উদাসীন।দেশ বিহারীরদের সংখ্যা প্রায় তিন লাখ। সেটা বিষয় না। ১০জনকে পুড়িয়ে মারার ঘটনা অমানবিক। এদের অবশ্যই বিচার হওয়া উচিত।”
রোকসানা খন্দকার বলেন, “দেশে স্বৈরশাসন চলাকালে এ ধরনের ঘটনা ঘটেছে। এ ঘটনা অবশই নিন্দনীয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার হওয়া উচিত। তবে আমরা সরকারের পক্ষে থেকে তেমন কোনো ব্যবস্থা নিতে দেখছি না।”
এ ঘটনার মূল তদন্তের আগে এর রাজনীতিকরণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিবিসি মিডিয়া অ্যাকশন ও বিবিসি বাংলা যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানটি প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ। সঞ্চালক ছিলেন আকবর হোসেন।
তবে অন্য আলোচকদের বিরোধিতা করেন হাছান মাহমুদ। তিনি বলেন, “সরকার মোটেই উদাসীন নয়। সবকিছুকে রাজনীতিকরণ করার প্রচেষ্টা চালানো হয় এখানে। সরকার সব খুনেরই তদন্ত করেছে, এর বিচারের প্রক্রিয়া চলছে।” বিহারী ক্যাম্পের ঘটনায় দল-মত নির্বিশেষে বিচার হবে বলেও জানান তিনি।
ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।





