রাজধানীর কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর নার্গিস হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেই সঙ্গে গ্রেফতারকৃতদের কাছ থেকে চোরাই সোনা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রোববার দিবাগত রাতে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম জানা যায়নি।
ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার নার্গিস হত্যার তিন আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ব্যাপারে দুপুর সাড়ে ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ঢাকার কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকার একটি ফ্ল্যাটের শোবার ঘর থেকে গত ২৮ ডিসেম্বর নার্গিস আক্তারের হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নার্গিসের বড় ভাই সবুজ বাদী হয়ে বোনের স্বামী ইব্রাহিম (৩৮) এবং তার দুই ভাই কামাল মোল্লা (২৬) ও হেলাল মোল্লার (৩০) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন।
এমএম





