রাজশাহীর গোদাগাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে পাঁচ কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

আটক পাঁচ কিশোর হলো, চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার সেলিনাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে রজব আলী (১৬), বড় চকদৌলতপুর গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে মোহাম্মদ আলী (১৫), কালুপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে শুভ (১৫), একই গ্রামের তহুরুল ইসলামের ছেলে নুহু (১৬) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের রাজা মিয়ার ছেলে মুরশালিন হক (১৭)।

গোদাগাড়ী মডেল থানার অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জের অটোরিকশা ছিনতাইকারী সিন্ডিকেটের সক্রিয় সদস্য।

বৃহস্পতিবার গভীর রাতে তারা জরুরি প্রয়োজনে চাঁপাইনবাবগঞ্জ থেকে গোদাগাড়ী যাওয়ার কথা বলে গোদাগাড়ী উপজেলা সদরের শ্রীমন্তপুর এলাকার ফারুক নামের এক ব্যক্তির অটোরিকশা ভাড়া করে।

এরপর অটোরিকশাটি গোদাগাড়ী ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা গামছা দিয়ে চালক ফারুকের মুখ বেঁধে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে।

এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই পাঁচ কিশোরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারীদের থানায় নিয়ে যায়।

তিনি আরো জানান, এ ঘটনায় আটক পাঁচ কিশোরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এমআর