পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' মো. ইসলাম মোড়ল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন  আরও দুই পুলিশ সদস্য। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
শুক্রবার ভোর আনুমানিক ৪টায় সাতক্ষীরা সদর উপজেলা শহরের অদুরে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে এ ঘটনা ঘটে। ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের ইয়াকুব্বরের ছেল।
পুলিশের দাবি, বৃহস্পতিবার রাতে যশোর-সাতক্ষীরা সড়কের ছয়ঘরিয়ায় যাত্রীবাহী বাসে ডাকাতির খবর পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে উপস্থিত হলে ডাকাতরা তাদের লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে।
পুলিশও পাল্টা গুলি করে। এভাবে কয়েকমিনিট পাল্টাপাল্টি গোলাগুলির পর ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে  এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস জানান, নিহত ব্যক্তির বুকের দুই পাশে দুটি গুলি লেগেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইনামুল হক বলেন, নিহত ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা ও কলারোয়া থানায় ১১টি ডাকাতির মামলা রয়েছে। এ ছাড়া যশোরের কেশবপুর থানায়ও মামলা রয়েছে।
এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্য কনষ্টেবল নুরু ও কনষ্টেবল শহিদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে।
পুলিশের ওপর হামলা ও কর্তব্যকাজে বাধা দেয়ার অভিযোগে থানার উপপরিদর্শক কবির হোসেন আজ ভোরে বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় নিহত ইসলাম মোড়লের নাম উল্লেখ করে ১৫-১৬ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর