জাতির স্বপ্ন পূরণে মেধাবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী কাজী মুহাম্মদ বরকত আলী।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগরী উত্তর শিবির’র উদ্যোগে এস এস সি ও দাখিল পরীক্ষায় A+ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সন্তানরা দেশের ভেতরে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের যথার্থ সুযোগ না পাবার ফলে বহির্বিশ্বে গিয়ে নতুন নতুন বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে দেশের সুনাম-সুখ্যাতি দিন দিন বৃদ্ধি করে যাচ্ছে। পৃথিবীর ধনী দেশগুলো অতিমাত্রায় সুযোগ সুবিধা দেয়ার মাধ্যমে এদেশের মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করে তাদের দেশে নিয়ে যাচ্ছে। যার দরুণ প্রতি বছর মেধার শীর্ষে থাকা সে সব মেধাবী শিক্ষার্থী ঐ দেশগুলোতে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে আর ফিরে আসছে না। এ কারণে আমাদের এ প্রিয় স্বদেশকে তাদের সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে।
তিনি আরো বলেন, ভূ-বিজ্ঞানীদের মতে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদের উপর ভাসছে কিন্তু প্রয়োজনীয় জনবল ও কারিগরি সহযোগিতার অভাবে সে সম্পদ আমরা আহরণ করতে ব্যর্থ হচ্ছি। এর ফলে আমাদেরকে পৃথিবীর অন্য দেশ থেকে বিপুল পরিমাণ গ্যাস ও খনিজ তেল আমদানী করতে হচ্ছে। তাছাড়া উচ্চ শিক্ষাঙ্গনে রাজনৈতিক লেজুড়বৃত্তির কারণে সম্ভাবনাময় মেধাবীরা শিক্ষা অর্জন করতে গিয়ে বার বার বিপদগ্রস্থ হয়ে তাদের মা বাবার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারছে না।
তাই হাজারো প্রতিকূলতা পেছনে ফেলে নিজেকে দক্ষ-যোগ্য নাগরিক হিসেবে গঠনের মাধ্যমে জাতির স্বপ্ন পূরণে অগ্রণী ভূমিকা পালনের জন্যে মেধাবীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
নগর উত্তর শিবির সভাপতি সালাউদ্দিন মাহমুদ’র সভাপতিত্বে ও সেক্রেটারী নাজিব আহসান’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহ মু. মাহফুজুল হক চৌধুরী, শিবির নেতা এস কে সিকদার, ইঞ্জি.মাহবুবুর রহমান, রাশেদুল ইসলাম, ফারুকে আযম,শাকিল রায়হান, আবু আব্দুল্লাহ, রিদুয়ানুল হক জিসান প্রমুখ।
কৃতি ছাত্রদের পক্ষ থেকে সিফাত চৌধুরী ও রাহাত হোসাইন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
প্রধান বক্তা শাহ মাহফুজুল হক চৌধুরী বলেন, ক্ষমতাসীন সরকার দেশের হাজারো সমস্যা বাদ দিয়ে নতুন শিক্ষানীতি প্রণয়নের নামে জাতিকে ধর্মহীন করার অপচেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী তাহাজিব- তামাদ্দুন ধারার লেখকদের লেখা উঠিয়ে দিয়েছে। রাষ্ট্র ক্ষমতায় জগদ্দল পাথরের মতো চেপে বসা ব্যর্থ নেতৃত্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতি বছর ছাত্রদের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত না করে বরং সেখানে সেশন জট, সোনার ছেলেদের খুন, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিসহ নানা ঘৃণ্য তৎপরতার কারণে দেশের শিক্ষা ব্যবস্থায় এখন অরাজকতা দেখা দিয়েছে। পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধর্মহীন করার সুগভীর চক্রান্ত জাতি বিনাশী ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। তাই ধর্মহীন নতুন শিক্ষা আইনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভাপতি সালাউদ্দিন মাহমুদ মেধাবী শিক্ষার্থীদের নিজেদের পড়ালেখার পাশাপাশি আদর্শিক জ্ঞান অর্জন করে নিজেকে একজন পরিপূর্ণ সফল মানুষ হিসেবে গঠন করার আহবান জানান।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ মেধাবী ছাত্রদের ফুল দিয়ে বরণ করে উপস্থিত কৃতি ছাত্রদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। সংবর্ধনা অনুষ্ঠানে উদ্দীপনামূলক গান পরিবেশন করেন নগরীর ঐতিহ্যবাহী সংগীত শিল্পগোষ্ঠী ’পাঞ্জেরী’।
এমআইএস





