চট্টগ্রামের বোয়ালখালীতে সম্পত্তির বিরোধে ফুফাতো ভাইয়ের হাতে খুন হয়েছে মামাতো ভাই মোশারফ হোসেন (২০)।

শুক্রবার দিবাগত রাতে হত্যাকারীসহ অন্যান্যরা লাশটি আরাকান সড়কের আপেল আহমদের টেকে ফেলে যায়। শনিবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।

তাৎক্ষণিক অভিযানে পুলিশ হত্যাকারী ফুফাতো ভাই মো. জমির উদ্দিন (২০) কে আটক করেছে এবং সহযোগী অপর একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহত মোশারফ হোসেন চকরিয়ার বশির আলমের ছেলে। সে বোয়ালখালী উপজেলা সদরে কার্পেন্টারের কাজ করত। অপরদিকে হত্যাকারী মো. জমির উদ্দিন নিহতের সঙ্গে সহকারী হিসেবে কাজ করত বলে জানা গেছে।

বোয়ালখালী থানার ওসি আবদুল করিম জানান, নিহত যুবক আর হত্যাকারী সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। মায়ের সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এ কারণে পরিকল্পিতভাবে মোশারফ হোসেনকে হত্যা করা হয়। হত্যার পর লাশটি বিভিন্নভাবে গায়েব করতে চেয়েও ব্যর্থ হন মো. জমির উদ্দিন ও তার সহযোগীরা।

শেষে লাশটি আপেল আহমদের টেকে ফেলে যায়। শনিবার লাশটি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে মূল হত্যাকারীসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এমআর