খাগড়াছড়ির মানিকছড়িতে সম্প্রতি উপজাতি সন্ত্রাসীদের  বাঙ্গালি গৃহবধুকে গণধর্ষণ ও ১০ দিনেও অপরাধীরা গ্রেফতার না হওয়ার প্রতিবাদে মানিকছড়ি উপজেলায় অবরোধ কর্মসূচী ঘোষণা করেছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ মানিকছড়ি উপজেলা শাখা।

বাঙ্গালি ছাত্র পরিষদের পক্ষ থেকে অবরোধ কর্মসূচি সফল করতে পালন করাতে মানিকছড়ির সর্বস্তরের মানুষকে আহবান জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর রাতে উপজেলার কুমারী মৌজার ডেবাতলীর বাসিন্দা এমদাদুল হকের দ্বিতীয় স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে রাতভর গণধর্ষণ করে উপজাতি সন্ত্রাসীরা।এই ঘটনার পর থেকে আসামীদের সনাক্তসহ অপরাধীদের ধরতে একাধিক অভিযান পরিচালনা করলেও গত ১০ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি।

এ বিষয়ে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম মণির হতাশা প্রকাশ করে বলেন, এ ধরণের ঘটনা অবশ্যই দুঃখ জনক এবং নিন্দনীয়। উপজাতি সন্ত্রাসীদের বাঙ্গালি গৃহবধু গণধর্ষণের ১০ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে।

এদিকে বাঙ্গালি ছাত্র পরিষদ সূত্রে জানা যায়, মানিকছড়ির ঘটনায় জড়িত উপজাতি ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে আগামী ১লা ডিসেম্বর খাগড়াছড়ি জেলা সদরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব জানান, ঘটনার পরপর অভিযোগের প্রেক্ষিতে অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। যেহেতু ধর্ষিতা নিদিষ্ট করে কারো নাম বলতে না পারায় অপরাধীদের সনাক্ত এবং গ্রেপ্তার করতে কিছুটা সময় লাগছে। এ বিষয়ে পুলিশের কোন গাফিলতি নেই বলে জানান তিনি।

বকর/নাজিব