ভোলা সদরের ইলিশা ফেরীঘাট এলাকা থেকে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবাসহ মনি আক্তার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের মৃত দুলাল মিয়ার স্ত্রী।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ইলিশা ফেরীঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মনি আক্তারকে আটকের পর তার ব্যাগে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতরে রাখা কেক ও বিস্কুটের প্যাকেট থেকে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, গ্রেফতারকৃত নারীকে জিজ্ঞাসাবাদে জানা গেছে- চট্রগ্রাম থেকে এসব ইয়াবা ভোলায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে ভোলা সদর মডেল থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন বলেন, গত এক বছরে পুলিশি অভিযানে এ পর্যন্ত গ্রেফতার হয়েছে ৭৩৮ আসামী। মাদকের মামলা হয়েছে ৫৭৮টি। এসব অভিযানে বিভিন্ন সময় উদ্ধার করা হয়েছে ২১ হাজার ৩৬৮পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১০১ পিস ফেন্সিডিল। ২০১৬ সালের ১৪ জুলাই থেকে ২০১৭ সালেল ৮ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ যে পরিমান মাদক উদ্ধার করেছে তা গত ৪/৫ বছরের তা হয়নি। এটি বিগত যে কোন সময়ের চেয়ে রেকর্ড।

কামরুজ্জামান/এমবি