খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল বুধবার কুড়িগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে চিলমারীসহ জেলার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

জানা গেছে, বুধবার চিলমারী উপজেলার থানাহাট এ, ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

এদিকে তাঁর আগমন উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যানার-ফেস্টুন, তোরণ নির্মাণের পাশাপাশি চলছে রাস্তাঘাট মেরামতের কাজ। সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে এই কর্মসূচি সহায়ক ভূমিকা রাখবে বলে জানালেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন।

জেলার পুলিশ সুপার ডা. মোহাম্মদ তবারক উল্লাহ জানান, প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন করতে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

খাদ্য বান্ধব কর্মসূচির আওতায়, কার্ডের মাধ্যমে বছরে ৫ মাস কুড়িগ্রামের ১ লাখ ২৫ হাজার ২'শ ৭৯টি পরিবারসহ দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার, ১০ টাকা মূল্যে ৩০ কেজি করে খাদ্যশস্য কিনতে পারবেন।

এমএনজে