শাহজালাল বিমানবন্দর থেকে লাগেজ পেতে বিড়ম্বনার শিকার হচ্ছেন হজযাত্রীরা। বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করতে না পারা ও ঠিকমতো ট্রলি না পাওয়ার কারণে এই বিড়ম্বনা পোহাতে হচ্ছে যাত্রীদের।
ট্রলি না পাওয়ার কারণে হজযাত্রীরা একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে দৌড়াদৌড়ি করছেন। শনিবার দুপুরে সরজমিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের এই দুর্ভোগ দেখা গেছে।
বেলা পৌনে ১২টার দিকে ৪১৯ জন হাজি নিয়ে বাংলাদেশ বিমানের বিজি ২০১৬ ফ্লাইটটি অবতরণ করে। এ সময় যাত্রীরা ইমিগ্রেশন শেষ করে মালামাল নেওয়ার জন্য তাদের নির্ধারিত বেল্টে যান।
দেখা যায়, অনেক যাত্রীর লাগেজ পেতে সমস্যা হচ্ছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও লাগেজ পাচ্ছেন না তারা। এয়ারপোর্ট আর্মড পুলিশসহ কর্তব্যরত সিকিউরিটি কর্মকর্তাদের বললে তারা খুঁজে দিচ্ছেন লাগেজ।
কয়েকজন হজযাত্রী অভিযোগ করেন, ইমিগ্রেশন শেষ করার পর ট্রলি খোঁজ করতে থাকেন তারা। শেষ পর্যন্ত বাইরে থেকে ট্রলি এনে লাগেজের জন্য বেল্টে অপেক্ষা করতে হচ্ছে। এমনও হচ্ছে ট্রলির জন্য দৌড়াদৌড়ি করতে একজনের লাগেজ মনের ভুলে অন্যজন নিয়ে নিচ্ছেন।
হজযাত্রী শামসুদ্দীন আহমেদ বলেন, আমরা ট্রলিও ঠিকমতো পাচ্ছি না এখানে।
তিনি বলেন, আমাদের জন্য নির্ধারিত গেট আছে, রয়েছে পৃথক স্ক্যানার। কিন্তু আমাদের জন্য ট্রলির ঠিকমতো ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। দৌড়াদৌড়ি করে ট্রলি নিয়ে আসতে হচ্ছে।
মহিবুর রহমান নামের আরেক হজযাত্রী বলেন, আমরা তো জেদ্দা থেকেই এক প্রকার বিড়ম্বনার মধ্যে রয়েছি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে করতে আমাদের অবস্থা অন্যরকম হয়ে গেছে। দেশের বিমানবন্দরে নামার আরেক বিড়ম্বনার মধ্যে পড়ছি।
তিনি বলেন, হজযাত্রীরা অনেক লাগেজ নিয়ে আসছেন। যার কারণে বেল্টে গিয়ে লাগেজ পেতে সমস্যা হচ্ছে। আবার অনেকে নিয়ম-কানুন বোঝেন না। দেখা যাচ্ছে, একজনের লাগেজ অন্যজনে নিয়ে নিচ্ছেন।
তিনি বলেন, এক বিড়ম্বনার মধ্যে থেকে আসতে না আসতে অন্য বিড়ম্বনার মধ্যে পড়ছি আমরা।
খোঁজ নিয়ে জানা গেছে, শাহজালালে প্রয়োজনের তুলনায় অনেক কম ট্রলি রয়েছে। একসঙ্গে দু’টি বা তিনটি ফ্লাইট নামলে যাত্রীরা তাদের চাহিদা মতো ট্রলি পাচ্ছেন না।
এছাড়াও যেসব যাত্রী ট্রলি নিয়ে বাইরে যাচ্ছেন সিভিল এভিয়েশনের ট্রলিম্যানরা সেগুলো ঠিকমতো আনছেন না। যার কারণে সমস্যা হচ্ছে।
এয়ারপোর্টের ডিউটি সিকিউরিটি অফিসার (ডিএসও) কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, স্বল্পতার মধ্যেই আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি। যখন একসঙ্গে একাধিক ফ্লাইট অবতরণ করে তখন ট্রলির সমস্যা একটু হয়।
কেএ





