গাজীপুরে প্রতারক এক জিনের বাদশাহকে গ্রেফতার করেছে র‌্যাব-১-এর সদস্যরা। এসময় তার কাছ থেকে ইউএস ডলার ও প্রতারণার উদ্দেশ্যে ডলারের বান্ডেলে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি কয়েকটি কাঠের টুকরো উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত জিনের হলেন, মোঃ শাহিন (৩২)। তিনি দিনাজপুর জেলার চিনির বন্দর থানার গোছাহার (নশরতপুর) গ্রামের মৃত শাহাজামালের ছেলে।

র‌্যাব জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কমিশনার সফিজের কাশিমপুর সারদাগঞ্জ এলাকাস্থিত বাড়িতে ভাড়া থাকে প্রতারক শাহিন। বুধবার দিবাগত রাতে ওই বাড়িতে কয়েক সহযোগীকে নিয়ে এক প্রতারক এক জিনের বাদশাহ সেজে অবৈধ ডলার ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে র‌্যাব-১-এর সদস্যরা রাত দেড়টার দিকে সেখানে অভিযান চালিয়ে জিনের বাদশাহ প্রতারক শাহিনকে গ্রেফতার করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শাহিনের সহযোগীরা পালিয়ে যায়।

র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ইউএস ১০ ডলারের ৪টি, ৫ ডলারের ৬টি এবং ১ ডলারের ৭৮টি নোট এবং ডলারের মাপে তৈরি ৫টি কাঠের টুকরা উদ্ধার করে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত প্রতারক শাহিন জানায়, তারা দীর্ঘদিন যাবৎ প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে অবৈধভাবে ডলারের ব্যবসা করে আসছিল। তারা অপেক্ষাকৃত কম মূল্যে বিক্রির প্রলোভন দেখিয়ে কাঠের টুকরোগুলোর উপরে এবং নিচে ১টি করে ডলার আঠা দিয়ে লাগিয়ে ডলারের বান্ডেল বলে ক্রেতা সাধারণকে প্রতারিত করতো। এছাড়াও তাদের সহযোগীরা ডিবি পুলিশ পরিচয়ে ক্রেতাদের কাছ থেকে ডলারের নকল বান্ডেল ছিনতাই করে পুনরায় হেনস্তা করতো এবং ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায় করতো। এঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এমএম