করোনা ভাইরাসে বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজারের ৬০০-এর বেশি। এছাড়া চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে উঠেছে আরো প্রায় ৮০ হাজার মানুষ।
করোনাভাইরাসে বাংলাদেশে আক্রান্ত শনাক্তের পর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করায় ইতোমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। যারা ঢাকায় আছেন, তারাও খুব প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না। যার প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর রাস্তাঘাট ও যানবাহনে। বাজারগুলোতেও মানুষের যাতায়াত তুলনামূলকভাবে কমেছে।
আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে কারওয়ান বাজারে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে দেখা যায়, গণপরিবহনের সংখ্যা তুলনামূলকভাবে কম। যেসব বাস যাতায়াত করছে, সে সবের অধিকাংশেই তেমন যাত্রী নেই। কিছু বাসে অর্ধেকেরও কম যাত্রী। দু-একটি বাসে যাত্রী দাঁড়িয়ে যেতে দেখা গেছে।
ফার্মগেট ও কারওয়ান বাজারে রাস্তাঘাট এবং বাজারে তুলনামূলকভাবে জনসমাগম কম দেখা যায়।
জানা গেছে, করোনাভাইরাসের কারণে মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। অন্যদিকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধু রয়েছে। ফলে শিক্ষার্থীদের অনেকে বাড়ি ফিরেছেন। অনেকে এখনও ঢাকা ছাড়ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর হল ছেড়েছেন অনেক শিক্ষার্থী। অনেকে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।অন্যদিকে শহরে মেসে থাকা শিক্ষার্থীদেরও অনেকে গ্রামে চলে গেছেন। অনেকে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন।
উল্লেখ্য: বাংলাদেশে করোনায় ১ জনের মৃত্যু ১৪, জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেছে।
এএস





