রাজধানীর তুরাগ, খিলগাঁও ও বনানী এলাকা থেকে পৃথক ঘটনায় তিন নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০২ মে) রাত থেকে মঙ্গলবার (০৩ মে) সকাল পর্যন্ত ওই তিন নারীর মৃতদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় দোর এলাকার একটি বাড়ি থেকে লিমা আক্তারের (২১) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। লিমার স্বামীর নাম শরিফ ইসলাম। পারিবারিক কহলের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, ভোর ৫টার দিকে খিলগাঁও ত্রিমোহনীর টেক পাড়ার একটি বাসা থেকে সাবিনা আক্তারের (২৫) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তার বাবার নাম নজরুল ইসলাম। তবে সাবিনার মৃত্যুর কারণ জানা যায়নি।
এদিকে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) সোরাব হোসেন জানান, সোমবার রাত ১১টার দিকে মহাখালী খ্রিস্টান পাড়ার একটি বাড়ি থেকে নিজ কক্ষের দরজা ভেঙে ডায়না গ্লোরিয়া পালমার (২৫) মৃতদেহ উদ্ধার করা হয়। তার বাবার নাম সমর পেট্রিক পালমা। ডায়না মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
ওএফ





