আগামী ৩০ জানুয়ারি হতে যাওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী বোর্ড সভায় বাংলাদেশের জন্য ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করা হবে।

আজ সোমবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত মনসিও এ আশা প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়, স্বদেশি সংস্কার এজেন্ডাকে সমর্থনের জন্য বাংলাদেশ ও আইএমএফ সম্প্রতি একটি স্টাফ লেভেল চুক্তিতে পৌঁছেছে। বর্ধিত ক্রেডিট সুবিধা, বর্ধিত তহবিল সুবিধা ও আইএমএফের নতুন স্থিতিস্থাপকতা এবং টেকসই সুবিধার (আরএসএফ) অধীনে এ চুক্তি হয়। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশি কর্তৃপক্ষের অর্থনৈতিক নীতিগুলো মুদ্রাস্ফীতি স্থিতিশীল রাখতে সাহায্য করছে।

ওই বিবৃতিতে অ্যান্তইনেত মনসিও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। গত দশকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের জন্য তাদের অভিনন্দন জানাই।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও শুরুতে মহামারি, তারপর ইউক্রেন যুদ্ধের প্রভাব মোকাবিলা করছে। বাংলাদেশের অর্থনীতিতে এ ধাক্কার প্রভাব নিয়ে আমরা আলোচনা করছি। এ ক্ষেত্রে বাংলাদেশের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানাই।

এবিএস