রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর কবলে পড়ে আয়েশা আক্তার রিপা (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ধানমন্ডির রাপা প্লাজার সামনের রাস্তায় মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে রিপা রিকশা করে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে রিপা রিকশায় করে মোহাম্মদপুরের বাসায় যাচ্ছিলেন। পথে সাদা মাইক্রোবাস থেকে নেমে কয়েক ছিনতাইকারী রিপার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এতে রিপা রিকশা থেকে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে রিপার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই নুরুল ইসলাম।

তিনি আরও জানান, রিপার স্বামীর নাম মো. শিমুল। মোহাম্মদপুর লালমাটিয়া ‘এ’ ব্লকের ৫/৬ নম্বর বাসায় থাকতেন তারা।

কেএইচ