নোয়াখালীর হাতিয়া উপজেলার নলেরচর ইউনিয়নের কেরিংচর এলাকার মেঘনা নদীর তীরের মাটি ধসে পড়ে ৩ ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেঘনার পাড় থেকে মৃতদেহগুলো উদ্ধার করে স্থানীয় জনতা।
নিহতরা হলেন, উপজেলার নলেরচর ইউনিয়নের নৌঙ্গরপাড় এলাকার হাসান আলীর ছেলে রিয়াজ উদ্দিন (১০), জিয়াউল হক (৮) ও মো. রাহাত (৬)।
নিহতের চাচা আনোয়ার হোসেন জানান, সোমবার সকালে বরশি নিয়েমাছ ধরতে রিয়াজ, জিয়া ও রাহাত মেঘনা নদীর তীরে যায়। ওই দিন তিন ভাই আর বাড়ি ফিরেনি। বিভিন্ন স্থানে মাইকিং করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে তারা যে স্থানে মাছ ধরতে গিয়েছিল ওই স্থানে গিয়ে খোঁজ করলে মাটির নিচে একজনের মাথা দেখতে পায়। পরে মাটি সরিয়ে অন্য দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, নদীর তীরে বসে বরশি দিয়ে মাছ ধরার সময় বৃষ্টিতে উপরের পাড়ের মাটি ভেঙে তাদের ওপর পড়লে কাদার নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হুদা নদীর কূল ভেঙে তিন সহোদরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জেআই





