গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে নিহত আরও এক শ্রমিকের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে মামুন (৩০) নামের ওই ব্যাক্তির মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মামুনের বাবার নাম মোস্তাফিজুর রহমান। তাদের বাড়ি চট্রগ্রাম জেলার স্বন্দীপ উপজেলার সাবিকা গ্রামে।

এর আগে গত ৮ ফ্রেরুয়ারি বিকেল ৫টার দিকে আরও ৩ শ্রমিকের মৃতদেহ ঢামেকে মর্গ থেকে পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

টাম্পাকো দুর্ঘটনায় অশনাক্ত ৯টি লাশের মধ্যে বর্তমানে ঢামেক মর্গে আরো ৫টি লাশ রয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল মর্গের ইনচার্জ মো. সেকান্দার।

উল্লেখ্য, গত বছর ১০ সেপ্টেম্বর সকালে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় বিএনপির সাবেক সাংসদ মকবুল হোসেনের মালিকানাধীন টাম্পাকো ফয়েলস কারখানায় গ্যাস সঞ্চালন লাইন বিস্ফোরণে আগুন ধরে যায়।

এতে কারখানার ভবনটি ধসে যায়। দুর্ঘটনার পাঁচ মাসেও নিহতদের সঠিক সংখ্যা জানা যায়নি। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর ও অন্যান্য সূত্রে এ ঘটনায় ৪০ জনেরও বেশি নিহত হয়েছে বলে জানা গেছে।

এদের মধ্যে ৩২ জনের পরিচয় পূর্বেই শনাক্ত হয়েছে। অশনাক্ত ৯টি লাশ ঢামেক মর্গে পাঠানো হয়। এ ছাড়া আরও ৩ জনের লাশ ময়না তদন্ত ছাড়াই ঘটনাস্থল থেকে স্বজনরা নিয়ে গেছে বলে জানা যায়।

এমবি