নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের পাচারকৃত ১৬ মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে বড়দিয়া খাদ্যগুদামের সামনে থেকে ট্রাকভর্তি ৩শ ২০ বস্তা চাল জব্দ করেন।

এ ঘটনার জেরে বড়দিয়া খাদ্যগুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী পালিয়েছেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম রেজা জানান, ‘কোটাকোল ইউপি’র জিআর-এর ১৬ মেট্রিক টন চাল দুঃস্থদের মাঝে বিতরন করার কথা ছিল। কিন্তু তা না করে খুলনার রূপসায় পাচার করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকসহ উল্লেখিত চাল জব্দ করা হয়েছে।’

ট্রাক চালক তরিকুল জানান, বড়দিয়া থেকে তাকে চালগুলো খুলনার রূপসায় নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। কে বা কারা চালগুলো খুলনায় নিয়ে যেতে বলেছে, তা ঠিকমত বলছে না ট্রাক চালক তরিকুল।

এ ব্যাপারে বড়দিয়া খাদ্যগুদাম কর্মকর্তা মোহাম্মদ আলী মুঠোফোনে জানান, ঘটনার সময় তিনি অফিসের কাজে বাইরে ছিলেন। পাচারের সঙ্গে তিনি জড়িত নন বলেও দাবি করেন।

এমআইএস