জেলার বনপাড়ার একটি বাড়ি থেকে নকল সিগারেট তৈরির মেশিন ও প্রায় সোয়া এক কোটি টাকার নকল গোল্ডলিফ সিগারেট জব্দ করেছে র‌্যাব।

শনিবার বিকেলে ওই বাড়িতে অভিযান চালিয়ে নকল সিগারেট তৈরির অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৫ এর বাগমারা ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) জামাল আল নাসের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় পল্লী চিকিৎসক আব্দুর রহিম মৃধার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়িতে নকল সিগারেট তৈরির মেশিন ও মালামালসহ প্রায় সোয়া এক কোটি টাকা মূল্যের নকল গোল্ডলিফ সিগারেট জব্দ করা হয়।

এ সময় বাড়ির মালিক পল্লী চিকিৎসক আব্দুর রহিম ও কারখানা ম্যানেজার আব্দুস সালামকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের মধ্যে আব্দুর রহিমকে দুই লাখ টাকা জরিমানা এবং ম্যানেজার আব্দুস সালামকে তিন মাসের কারাদণ্ড দেন।

আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ তাদের এই দণ্ড দেন। এ ছাড়া আদালতের নির্দেশে উদ্ধার নকল সিগারেট ও সিগারেট তৈরির সরাঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এমকে