রাজধানীতে ডিজিটাল বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় তিনি এ সার্ভিসের উদ্বোধন করেন।
উত্তরা থেকে মতিঝিল রুটে বিআরটিসির ২০টি বাস চলাচল করবে। এ বাসগুলোতে যাত্রীরা ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবে। বাসগুলো একই সঙ্গে ভেহিক্যাল ট্রাকিং প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। ফলে বাসটি কোথায় কতো দূরে আছে। তাও যাত্রীরা যানতে পারবেন বাড়িতে বসেই।
প্রতিটি বাসে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের চারটি থ্রিজি ওয়াই-ফাই রাউটার থাকবে। ফলে একটি বাসে অন্তত ৪০ জন যাত্রী যে কোনো স্মার্ট ডিভাইস দিয়ে ইন্টারনেটের দুনিয়ায় ঢু মারতে পারবেন।
এ ক্ষেত্রে প্রতিটি বাসে ১০টি বারকোড যুক্ত স্টিকার থাকবে। গ্রাহককে তার ডিভাইসটি দিয়ে একটি ছবি তুলে ওয়াই-ফাই নেটওয়ার্কে ঢুকতে হবে।
এটুআই প্রকল্পের পিপল পারসপেটিভ বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা এ বিষয়ে বলেন, জনগনকে আরও বেশি তথ্য প্রযুক্তিবান্ধব করতে উদ্যোগটি নেওয়া হয়েছে। এতে চলতি পথের সময়টিও তারা কাজে লাগাতে পারবেন, যা দেশকে ডিজিটাল কার্যক্রমের পথে আরও এগিয়ে নেবে।
মুক্তা জানান, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত কয়েকটি পকেটে টেলিটকের নেটওয়ার্কে সমস্যা আছে। এগুলো ঠিক করতে বলা হয়েছে। তার দাবি বাসটি ৫৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে চললেও ইন্টারনেট ব্যবহার করতে যাত্রীদের কোনো সমস্যা হবে না।
এটুআই-এর দাবি, রাজধানীর বাস যাত্রীদের অন্তত ১০ শতাংশ স্মার্ট ডিভাইস ব্যবহার করেন। তাই এসব ব্যক্তিদের জন্য এটি খুবই উপকারী হবে।
ভবিষ্যতে অন্যান্য রুটের বাসগুলোতেও একই সেবা চালু করা সম্ভব হবে বলেও মনে করছেন তারা।
একই সঙ্গে এর মাধ্যমে বিআরসিটি কর্তৃপক্ষ তাদের অফিসে স্থাপিত ড্যাসবোর্ডর মাধ্যমে জানতে পারবে বাসটি কোথায় কি অবস্থা আছে। তাছাড়া একটি বাস কয়টি ট্রিপ দিল বা নির্দিষ্ট গন্তব্যে সেটি যাতায়াত করছে কিনা তাও পরীক্ষা করা যাবে।
ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর





