উজান থেকে নেমে আসা ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে জামালপুরে শুরু হয়েছে নদীভাঙন। ভাঙনে শহর রক্ষা বাঁধের বিভিন্ন স্থান ধসে হুমকীর মুখে পড়েছে জামালপুর শহরের বিভিন্ন স্থাপনা।
গত কয়েক দিনের অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বাড়ায় জামালপুর শহর এলাকায় ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে ভাঙন। পানির তীব্র স্রোতে শহরের এসডিও বাংলো এলাকায় শহর রক্ষা বাঁধের প্রায় ২৪০ মিটার ধসে গেছে। এছাড়াও শহর রক্ষা বাঁধের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল।
এ অবস্থায় হুমকীর মুখে পড়েছে জামালপুর জেলা স্কুল, পৌর ভবনসহ বিভিন্ন স্থাপনা। জেলা প্রশাসনের পক্ষ থেকে বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে।
বুধবার জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে জানিয়েছেন ভাঙনরোধে জরুরি ব্যবস্থা নেয়ার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





