হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

আজ (১৩ ডিসেম্বর) রোববার দুপুর সোয়া ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

আল্লামা নূর হোসাইন কাসেমীর প্রেস সচিব মুফতি মুনির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হুজুর আজ দুপুর সোয়া ১টার দিকে মারা গেছেন। তবে কখন কোথায় তার জানাজা ও দাফন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। 

গত ০১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় আল্লামা নূর হোসাইন কাসেমীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। 

গত ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। এর দুদিন পর না ফেরার দেশে চলে গেলেন তিনি। 

আল্লামা নূর হোসাইন কাসেমী হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

সংগঠনের আমির আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর গত ১৫ নভেম্বর নতুন করে কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আল্লামা বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব নির্বাচিত করা হয়।

আল্লামা নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি ও আল-হাইয়া বোর্ডেরও কো-চেয়ারম্যান।

এমবি