সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে দীর্ঘদিন যাবত অসুস্থ কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর চিকিৎসা সহায়তা বাবদ স্ত্রী ফারজানা আলী মিমির হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান।
আজ (০৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আলাউদ্দিন আলীর স্ত্রীর নিকট এই চেক হস্তান্তর করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কল্যাণ অনুদান খাত হতে আর্থিক অনুদান হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।
এসময় সুরকার আলাউদ্দিন আলীর মেয়ে আদ্রিতা আলাউদ্দিন রাজকন্যাসহ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি (রোববার) দুপুরে গণভবনে আলাউদ্দীন আলীর পরিবারকে (স্ত্রী ও মেয়ে) ডেকে নিয়ে ২৫ লাখ টাকার অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, রক্তচাপ ও ফুসফুসের সংক্রমণসহ একাধিক রোগে আক্রান্ত আলাউদ্দিন আলী। গত ২২ জানুয়ারি তাঁকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। আলাউদ্দিন আলী কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
এম বিল্লাহ/এমবি





