বান্দরবানের লামা উপজেলার জনতা ব্যাংক লুটের চেষ্টা চালিয়েছে ডাকাত দল। ব্যাংকের নৈশ প্রহরী এক আনসার সদস্য ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন।
এ ছাড়া এ ঘটনায় জড়িত এক ডাকাতকে আটক করেছে স্থানীয়রা। সোমবার রাত ৮টার দিকে লামা বাজারে অবস্থিত জনতা ব্যাংকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লামা বাজারে অবস্থিত জনতা ব্যাংকে একদল শসস্ত্র ডাকাত হানা দেয়। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী আনসার সদস্য জমির উদ্দিন (৩২) বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ডাকাত দল। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা।
আহত জমির উদ্দিনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায়। ডাকাতদলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ঘটনার সাথে জড়িত অভিযোগে রবিন নামে একজনকে আটক করেছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এক ডাকাতকে আটক করা হয়েছে; তাকে জিজ্ঞাসাবাদ করে পরে বিস্তারিত বলতে পারবো।
এমএনজে





